বগুড়ায় কৃষক হত্যার দুই যুগ পর আসামির যাবজ্জীবন
২০০২ সালের ১ জুন পূর্ব শত্রুতার জেরে কৃষক আনোয়ারুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় দুই যুগ আগে কৃষককে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাজু আহমেদ আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ হোসেন তালুকদার জানান।
দণ্ডপ্রাপ্ত আজিজার রহমান উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।
মামলার বরাতে আইনজীবী বলেন, ২০০২ সালের ১ জুন পূর্ব শত্রুতার জেরে কৃষক আনোয়ারুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ মামলায় ১৬ জন সাক্ষী দিয়েছেন।
আইনজীবী বলেন, বিচারক রায়ে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও এক লাখ টাকা জরিমানা করেছেন। এর মধ্যে ৯০ হাজার টাকা ভুক্তভোগীর পরিবার এবং বাকি ১০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা হবে।
