Published : 22 Jun 2026, 02:08 PM
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির ছাত্রাবাসা থেকে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনায় করা হত্যা মামলায় ছাত্র ও শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় প্রকাশ করেননি তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বলেন, একজন শিক্ষক ও এক ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে মঙ্গলবার বিকালে ওই বিদ্যালয়ের আবাসিক হল থেকে অষ্টম শ্রেণির ছাত্র মেহেদী হাসানের (১৪) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তার পিঠ ও গলায় আঘাতের চিহ্ন ছিল। ওইদিন বিক্ষুব্ধ এলাকাবাসী প্রতিষ্ঠানের প্রধান ফটকসহ কয়েকটি কক্ষে ভাঙচুর চালায়।
নিহত মেহেদি উপজেলার সোনাপুর বাজার এলাকার ব্যবসায়ী জিয়া উদ্দিনের ছেলে।
ঘটনার দুই দিন পর বৃহস্পতিবার জিয়া উদ্দিন বাদী হয়ে ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ খন্দকার আব্দুল মান্নান ও সাত শিক্ষার্থীর নামসহ অজ্ঞাত পরিচয় আরও ১০ জনকে আসামি করে মামলা করেন।
একটি আইফোন চুরিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মারধরে মেহেদির মৃত্যু হয় বলে মামলার অভিযোগ বলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর অধ্যক্ষ খন্দকার আব্দুল মান্নানকে অপসারণ করে প্রভাষক শরীফুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
আবাসিক হল থেকে ছাত্রের লাশ উদ্ধার, উত্তেজনা-ভাঙচুর
লক্ষ্মীপুরে ছাত্রাবাসে শিক্ষার্থী 'হত্যার' বিচার চেয়ে ফের থানা ঘেরাও