২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে নৌকা উল্টে নারী পর্যটক নিখোঁজ

কেউ কেউ সাঁতরে তীরে ওঠেন, আবার কয়েকজনকে উদ্ধার করেন স্থানীয় লোকজন, বলেন সুরজিৎ চৌধুরী।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2025, 09:44 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

মোংলার পশুর নদীতে পর্যটকবাহী একটি নৌকা উল্টে আমেরিকা প্রবাসী এক নারী নিখোঁজ হয়েছেন। 

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে বন বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন।

নিখোঁজ পর্যটক ২৮ বছর বয়সী রিয়ানা আবজালের খোঁজে ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছেন কোস্টগার্ড, বন বিভাগ ও স্থানীয় লোকজন।

সুন্দরবন পূর্ব বনবিভাগের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী বলেন, বনের ঢাংমারী এলাকার রিসোর্ট ‘ম্যানগ্রোভ ভ্যালি’-তে পরিবারসহ রাত্রিযাপন শেষে এদিন সকালে ছোট একটি নৌকায় করে ১৩ জন পর্যটক করমজল পর্যটন কেন্দ্রে যাচ্ছিলেন।

বেলা সাড়ে ১১টার দিকে নৌকাটি ঢাংমারী খাল ও পশুর নদীর সংযোগস্থলে পৌঁছালে প্রবল ঢেউয়ের তোড়ে উল্টে যায়। এ সময় নৌকা থেকে সবাই নদীতে পড়ে যান।

সুরজিৎ বলেন, কেউ কেউ সাঁতরে তীরে ওঠেন, আবার কয়েকজনকে উদ্ধার করেন স্থানীয় লোকজন। তবে রিয়ানাকে খোঁজে পাওয়া যায়নি।

তার বাবা বিমান বাহিনীর প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, “একটি জাহাজের প্রবল ঢেউয়ের তোড়ে আমাদের ছোট নৌকাটি উল্টে যায়। এতে বোটে থাকা ১৩ জনই নদীতে পড়ে যান।

“পরে ১২ জনকে উদ্ধার করা গেলেও রিয়ানাকে পাওয়া যায়নি।”

তিনি বলেন, রিয়ানা বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক পাইলট, তিনি বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী। তারা সপরিবারে সুন্দরবনে বেড়াতে এসেছিলেন। তাদের বাড়ি বরিশালে। তারা ঢাকার উত্তরায় থাকেন।