Published : 24 May 2026, 11:41 AM
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার বছর বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়াল।
রোববার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার এক বিজ্ঞপ্তিতে জানান, জেলার ফুলবাড়িয়া উপজেলার রাঙামাটিয়া গ্রামের বাসিন্দা শিশুটিকে ২০ মে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার তার মৃত্যু হয়।
এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪৬ জন। আর হামের উপসর্গ নিয়ে এক শিশুকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭২ শিশু।

গত ১৭ মার্চ থেকে শনিবার সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৫৭৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৪৭১ জন।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে হামের লক্ষণ নিয়ে রোগী ভর্তি শুরু হয়; মার্চের মাঝামাঝি থেকে এ সংখ্যা বাড়তে থাকে।
রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে ৬৪ শয্যার একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম দায়িত্ব পালন করছে।
হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন ও সহযোগী অধ্যাপক গোলাম মাওলা বলেন, “দেশের অনেক শিশু অপুষ্টিতে ভোগে। অপুষ্টির কারণে সংক্রমণের ঝুঁকি বাড়ে, আর হাম হলে সেই জটিলতা আরও তীব্র হয়।”
তিনি বলেন, “শিশুদের জন্য হাসপাতালে আইসিইউ না থাকায় গুরুতর রোগীদের ‘বাবল সিপ্যাপ’ পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। অবস্থার অবনতি হলে তাদের ঢাকায় পাঠানো হচ্ছে।”