২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছে: রিজভী

কুড়িগ্রাম শহরের সর্দারপাড়া জামে মসজিদে নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2025, 05:59 PM

Updated : 26 Aug 2026, 05:15 PM

বিএনপি আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচনে অংশগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, “বড় ধরনের সংকট না হলে সরকারের নির্ধারিত ফেব্রুয়ারি মাসের রমজানের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিএনপি সেই নির্বাচনে অংশ নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।” 

শুক্রবার কুড়িগ্রাম শহরের সর্দারপাড়া জামে মসজিদে নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এদিন দোয়া করা হয়।

এ সময় সাংবাদিকরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার বিষয়ে জানতে চাইলে রিজভী বলেন, “এ দেশের গণমানুষের নেতা তারেক রহমান। আজকে তার মায়ের গুরুতর অসুস্থতা এবং সবকিছু বিবেচনা করে তিনি উপযুক্ত সময়ে দেশে আসবেন। এটা তাদের পারিবারিক ব্যাপার।” 

দলের মনোনয়ন নিয়ে বিভিন্ন জেলায় যে বিরোধ চলছে, ভোটের তফসিল ঘোষণা হলে তা কেটে যাবে এবং সবাই ধানের শীষের হয়ে কাজ করবে বলে মন্তব্য করেন বিএনপি নেতা।   

এ ছাড়া খানপাড়া মাদ্রাসায় সদকায় জারিয়া হিসেবে তিনটি ছাগল দেওয়া হয়। 

এ সময় বিএনপি কুড়িগ্রাম জেলা কমিটির সদস্য হাসিবুর রহমান হাসিব, শফিকুল ইসলাম বেবু, চিকিৎসক নেতা ইউনুছ আলী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল উপস্থিত ছিলেন।