সাতক্ষীরা সীমান্তে ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
নাম-ঠিকানা যাচাই-বাছাই শেষে তাদের স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে, বলছে পুলিশ।
ভারতের পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত থেকে আটক ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
বুধবার সন্ধ্যায় সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।
পরে রাত সাড়ে ১০টার দিকে তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয় বলে ওই থানার পরিদর্শক (অপারেসন্স) সুশান্ত ঘোষ জানান।
বিজিবির বরাতে সুশান্ত বলেন, গত ২৩ সেপ্টেম্বর রাত ১০টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রম করার সময় বিএসএফ হাকিমপুর ক্যাম্পের একটি টহল দলের সদস্যরা তাদের আটক করে।
পরদিন সন্ধ্যায় বিএসএফ আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং সাতক্ষীরার বিজিবি তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেমের মধ্যস্থতায় পতাকা বৈঠক হয়। সেখানে তাদেরকে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার দুপুরে হস্তান্তর করা বাংলাদেশি নাগরিকদের নাম-ঠিকানা যাচাই বাছাই শেষে তাদের স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় নায়েব সুবেদার আবুল কাশেম বাদী হয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
