২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ফের বাড়ছে হামের রোগী, ২৪ ঘণ্টায় হাসপাতালে ৪০ শিশু

তিন দিনে জেলার বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১১০ শিশু ভর্তি হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2026, 01:19 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

ফরিদপুরে আবারও বাড়তে শুরু করেছে হাম বা হামের উপসর্গে আক্রান্ত রোগী। তিন দিনে জেলার বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১১০ শিশু ভর্তি হয়েছে।

এর মধ্যে শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ৪০ শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে বলে জানিয়েছেন ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান। 

এ নিয়ে বর্তমানে জেলার হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ৯৯ শিশু।

ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, জেলায় এ পর্যন্ত হামের উপসর্গ আক্রান্ত হয়েছে মোট ৪ হাজার ৪৫ জন। এদের মধ্যে মারা গেছে ২১ শিশু। মৃতদের অধিকাংশের বয়স এক বছরের নিচে।

সিভিল সার্জন মাহমুদুল হাসান বলেন, গত এক মাসে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি। একই সময়ে আক্রান্তের হারও আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। কিন্তু গত তিন দিনে ১১০ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় নতুন করে সংক্রমণ বাড়ছে কি না, তা পর্যবেক্ষণ করছে জেলা স্বাস্থ্য বিভাগ।

তিনি বলেন, “গত চার-পাচ দিনে হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তির সংখ্যা কিছুটা বেড়েছে। পরিস্থিতি স্বাস্থ্য বিভাগের নজরদারিতে রয়েছে। আক্রান্ত শিশুদের যথাযথ চিকিৎসা দেওয়ার পাশাপাশি এবং অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।”

এ চিকিৎসক বলেন, “শিশুদের মধ্যে জ্বর, সর্দি-কাশি, চোখ লাল হওয়া ও শরীরে র‍্যাশ দেখা দিলে অবহেলা না করে দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে। সময়মতো চিকিৎসা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে জটিলতা অনেকটাই কমানো সম্ভব।”

অভিভাবকের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “এখনো যে শিশুকে হামের টিকা দেয়া হয়নি তাকে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে হামের টিকা দেয়ার ব্যবস্থা করুন।”

ফরিদপুরের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার আব্দুল্লাহ হিস সায়াদ বলেন, “শিশুদের মধ্যে জ্বর, সর্দি-কাশি, চোখ লাল হওয়া এবং শরীরে লালচে দানা বা ফুসকুঁড়ি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। বিশেষ করে এক বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে অভিভাবকদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।”

এছাড়া স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা, অসুস্থ শিশুকে অন্য শিশুদের কাছ থেকে আলাদা রাখা এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।