কক্সবাজারে নিখোঁজ সেবায়েতের ঝুলন্ত লাশ মিলল পাহাড়ে
নয়ন দাশ খুরুশকুল ইউনিয়নের পূর্ব হামজার ডেইল এলাকার পুলিশশার ঘোনা নাগ পঞ্চমী মন্দিরের সেবায়েত ছিলেন।
কক্সবাজার সদর উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর এক মন্দির সেবায়েতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, বুধবার দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে খুরুশকুল ইউনিয়নের পূর্ব হামজার ডেইল এলাকার একটি দুর্গম পাহাড়ি এলাকায় গাছে ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নয়ন দাশ খুরুশকুল ইউনিয়নের পূর্ব হামজার ডেইল এলাকার পুলিশশার ঘোনা নাগ পঞ্চমী মন্দিরের সেবায়েত ছিলেন। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দোহাজারী এলাকার ফুলতলা গ্রামের গোপাল দাশের ছেলে।
পরিবারের বরাত দিয়ে কক্সবাজার শহর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জনি ধর বলেন, ১৯ এপ্রিল রাত ৯টার দিকে অজ্ঞাত কয়েকজন তাকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
এ ঘটনায় ২০ এপ্রিল রাতে কক্সবাজার সদর মডেল থানায় একটি অভিযোগ করেন পরিবারের সদস্যরা। পর দিন স্থানীয় বাসিন্দা ও মন্দির সংশ্লিষ্টরা আশপাশ এলাকায় খোঁজ চালান।
বুধবার দুপুরে ৩০-৩৫ জনের একটি দল মন্দিরের পূর্ব পাশের পাহাড়ি এলাকায় অনুসন্ধান চালানোর সময় একটি গাছের সঙ্গে গলায় চাদর পেঁচানো অবস্থায় নয়নের ঝুলন্ত মরদেহ দেখতে পান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, “মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।”
ঘটনাটি ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে রহস্যজনক এ মৃত্যুর কারণ উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
