২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে স্কুলছাত্রকে ছুরিকাঘাত, বিচার দাবিতে সহপাঠীদের বিক্ষোভ

অন্য স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে সখ্যতা গড়ে তোলায় বাসা থেকে ডেকে নিয়ে তাকে ছুরিকাঘাত করা হয় বলে দাবি স্বজনদের।

ময়মনসিংহে স্কুলছাত্রকে ছুরিকাঘাত, বিচার দাবিতে সহপাঠীদের বিক্ষোভ
ময়মনসিংহ জিলা স্কুলের এক ছাত্রকে ছুরিকাঘাতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করেছে সহপাঠীরা।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2026, 03:52 PM

Updated : 26 Aug 2026, 05:33 PM

ময়মনসিংহ জিলা স্কুলের এক ছাত্রকে ছুরিকাঘাতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সহপাঠীরা।

সোমবার দুপুরে রেঞ্জ ডিআইজি ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা। পরে জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

এর আগে ৩ জানুয়ারি মিফতাহুল জান্নাত নিলয় তালুকদারকে (১৫) ছুরিকাঘাত করা হয়। সে ময়মনসিংহ জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।

এদিন সমাবেশে সাংবাদিক মোজাম্মেল খোকন, নিলয়ের বাবা সাদেকুল ইসলাম তালুকদার, জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মামুনুর রশীদ মামুন, মানসিফ রহমান এবং মেহেরাব মানিক বক্তব্য দেন।

নিলয়ের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

নিলয়ের বাবা সাদেকুল ইসলাম তালুকদার বলেন, “বিনা কারণে আমার সন্তানকে বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করা হয়। ছেলেটা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। বাবা হিসেবে আমার কী অবস্থা আপনারাই বুঝতে পারছেন।”

হামলায় জড়িতদের ধরতে পুলিশ কোনো ধরনের সহযোগিতা করছে না বলে অভিযোগ করেন তিনি। 

পুলিশ জানায়, আফরোজ খান মডেল স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে সখ্যতা গড়ে তোলায় জিলা স্কুলের কয়েক শিক্ষার্থী বাসা থেকে নিলয়কে ডেকে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

এ ঘটনায় নিলয়ের বাবা সাদেকুল ১০ জানুয়ারি বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় হত্যা চেষ্টার মামলা করেছেন। 

জিলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, “ঘটনাটি খুবই মর্মান্তিক। নিলয়ের পরিবারকে সবসময় সান্ত্বনায় রাখার চেষ্টা করছি। অপরাধীদের আইনের আওতায় আনা হোক।”

কোতোয়ালি মডেল থানার ওসি নাজমুস সাকিব বলেন, ঘটনার পর থেকেই আসামিরা পলাতক আছেন। তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।