শরীয়তপুরে ছাত্রদের বিক্ষোভ ছাত্রলীগের ধাওয়ায় পণ্ড
আন্দোলনের সমন্বয়ক দাবি করে একজন বলেন, “হামলাকারীদের বিচারের আওতায় না আনলে আমাদের আন্দোলন চলমান থাকবে।”
শরীয়তপুরে জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি ছাত্রলীগের ধাওয়ায় পণ্ড হয়ে গেছে।
শনিবার বেলা ১১টায় ভেদরগঞ্জ উপজেলার বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য শিক্ষকরাও মিছিলে যোগ দেন।
এক পর্যায়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
নিজেকে শরীয়তপুরের সমন্বয়ক দাবি করে রহমত উল্লাহ নেহাল নামে একজন বলেন, “যৌক্তিক আন্দোলনকে থামিয়ে দিতে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারের পুলিশ বাহিনীর নগ্ন হামলায় শত-শত ভাই নিহত ও আহত হয়েছেন। আমরা এ সকল হত্যার বিচার দাবি করছি। আমাদের প্রতিটি শান্তিপূর্ণ সভা-সমাবেশে সরকারদলীয় নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এসব হামলাকারীদের বিচারের আওতায় না আনলে আমাদের আন্দোলন চলমান থাকবে। আজকের শান্তিপূর্ণ মিছিলকে পণ্ড করতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে আমাদের ভাইদের মারধর করে মিছিলে যোগদানে বাধা প্রদান করেছে।”
ভেদরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন হিরু বলেন, “আমরা কাউকে মারধর করিনি। তারা ছাত্রলীগকে নিয়ে বাজে মন্তব্য করায় তাদের বুঝিয়ে-শুনিয়ে পাঠিয়ে দিয়েছি।”
জেড এইচ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইন বিভাগের শিক্ষক ইমামুর রহমান বলেন, “আমাদের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার জন্য তাদের সঙ্গে আন্দোলনে অংশগ্রহণ করেছি। বাংলাদেশের সংবিধান অনুযায়ী তাদের এই যৌক্তিক দাবিকে আমি সমর্থন করি।”
শরীয়তপুর পুলিশের সহকারী পুলিশ সুপার মো. মুশফিকুর রহিম বলেন, “শান্তিপূর্ণভাবে ছাত্ররা তাদের কর্মসূচি পালন করেছেন। তাদের কোনো বাধা দেওয়ার ঘটনা ঘটেনি।”
