২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে থেকে ষড়যন্ত্র করা হচ্ছে: নাহিদ

গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরের সমাবেশে এনসিপি নেতা এসব কথা বলেন।

ভারতে থেকে ষড়যন্ত্র করা হচ্ছে: নাহিদ
মঙ্গলবার বিকালে গাইবান্ধায় বক্তব্য দেন নাহিদ ইসলাম।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2025, 05:57 PM

Updated : 26 Aug 2026, 01:18 PM

জুলাই গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, “জুলাই অভ্যুত্থানে যারা গুলি চালিয়েছিল, যারা হামলা করেছিল, সেই ফ্যাসিস্ট সন্ত্রাসীরা এখনও ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। দেশের বাইরে ভারতে থেকে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে।”

তিনি বলেন, “জুলাই গণহত্যাসহ ১৬ বছরে যত অপকর্ম রয়েছে- এই খুনি হাসিনার ও স্বৈরাচারী আওয়ামী লীগের বিচার অবশ্যই এই বাংলার মাটিতে হতে হবে। বিচার অবশ্যই আমরা নিশ্চিত করব। নতুন বালাদেশ গড়ার যে সংস্কার, রাষ্ট্রের সব মৌলিক সংস্কাররের ঘোষণা দিয়ে নির্বাচনে যেতে হবে।” 

মঙ্গলবার বিকাল সোয়া ৩টায় গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। 

গণঅভ্যুত্থানে অংশ নেওয়া মানুষের কথা শুনতে জুলাইজুড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসে তিনি এসব কথা বলেন। 

নাহিদ ইসলাম বলেন, “শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি। এক দল সরিয়ে আরেক দলকে ক্ষমতায় বসানো জন্য কেউ রক্ত দেয়নি, কেউ গনঅভ্যুত্থান করেনি। এই নতুন বাংলাদেশে আমরা চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট, দখলদারিত্বের আর কোনো সুযোগ দেব না।”

তিনি বলেন, “জুলাই আন্দোলনে নতুন দেশ হয়েছে; কিন্তু দেশ গঠন হয়নি। গাইবান্ধা থেকে সেই দেশ গঠনে যাত্রা শুরু হল। আমরা নতুন দেশ গঠনের জন্য রাজপথে নেমেছি। নতুন দেশে মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে নির্ভয়ে মতপ্রকাশ ও অধিকারের কথা বলবে।” 

এনসিপি মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাইফুল্লাহ হায়দার, আসাদুল্লাহ আল গালিব ও  আবু সাঈদ লিয়ন, সংগঠক (উত্তরাঞ্চল) নাজমুল হাসান সোহাগ, যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) মাহমুদা আলম মিতু, মোহাম্মদ আতাউল্লাহ, সদস্য ফিহাদুর রহমান দিবস। 

কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গাইবান্ধায় ইপিজেড ও শিল্প কারখানা স্থাপনের দাবি জানান এনসিপির কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস।

এর আগে সকালে এনসিপি নেতারা রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। পরে তারা সাদুল্লাপুর উপজেলা সদর হয়ে গাইবান্ধায় সমাবেশে যোগ দেন। শেষে তারা সড়ক পথে পলাশবাড়ীর উদ্দেশে যাত্রা করেন।