২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় বাসের সঙ্গে সংঘর্ষে ২ বাইক আরোহী শ্রমিক নিহত

হতাহতরা কুমারগাড়া বিসিক শিল্প নগরীর কিয়াম মেটাল ইন্ড্রাস্ট্রিজের শ্রমিক।

কুষ্টিয়ায় বাসের সঙ্গে সংঘর্ষে ২ বাইক আরোহী শ্রমিক নিহত
কুষ্টিয়া সদর উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী শ্রমিক নিহত হয়েছেন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2025, 11:32 AM

Updated : 26 Aug 2026, 12:29 PM

কুষ্টিয়া সদর উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কুষ্টিয়া স্টেশনের সহকারী পরিচালক জানে আলম বলেন, শনিবার সকাল ৮টায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে উপজেলার বটতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার উজান গ্রাম ইউনিয়নের দূর্বাচারা গ্রামের বাসিন্দা নয়ন ইসলাম (২৫) ও রনি ইসলাম (২৬)। তারা কুমারগাড়া বিসিক শিল্প নগরীর কিয়াম মেটাল ইন্ড্রাস্ট্রিজের শ্রমিক ছিলেন। 

এ ঘটনায় গুরুতর আহত আরেক শ্রমিক মিজানুর রহমানকে (২৭) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এসআই জয়দেব কুমার বলেন, সকালে দূর্বাচারা গ্রাম থেকে তিন শ্রমিক এক মোটরসাইকেলে করে কারখানায় যাচ্ছিলেন। পথে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা খুলনাগামী গড়াই পরিবহন সার্ভিসের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়ন ও রনির মৃত্যু হয়।