জামায়াত প্রার্থীর পক্ষে ‘টাকা বিতরণ’, ইবনে সিনা কর্মীকে ২ বছরের জেল
গাজীপুর-৪ আসনে ভোটারদের মধ্যে টাকা বিতরণের সময় তাকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী।
গাজীপুর-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে টাকা বিতরণের অভিযোগে এক যুবককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান এ সাজা দেন বলে জানান কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন।
দণ্ড পাওয়া শামীমুল ইসলাম (৩৫) কুড়িগ্রাম সদর এলাকার মজিবুর রহমানের ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার সফিপুর ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানায় চাকরি করেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, জামায়াতের প্রার্থী সালাহ উদ্দিনের পক্ষে বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মাটিকাটা এলাকায় ভোটারদের মধ্যে টাকা বিতরণের সময় শামীমুলকে আটক করে পুলিশে হস্তান্তর করে এলাকাবাসী। এ সময় তার কাছ থেকে ৬০ হাজার টাকা জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে শামীমুল দোষ স্বীকার করলে তাকে দুই বছরের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান ইউএনও ফখরুল হোসাইন।
