২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় এক রোহিঙ্গা আটক, পাঠানো হয়েছে উখিয়া থানায়

“তার চলাফেরা ও কথাবর্তায় গ্রামবাসীর সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।”

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2026, 05:41 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে তাকে কক্সবাজারের উখিয়া থানায় পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক জামালপুর গ্রাম থেকে তাকে আটক করা হয় বলে সাদুল্লাপুর থানার ওসি একেএম হাবিবুল ইসলাম জানিয়েছেন। 

আটক ৪০ বছর বয়সী নূর হোসেন ওরফে নুর হাসান কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার বাবার আব্দুল হাসিম।

ওসি হাবিবুল বলেন, “গত কয়েক দিন ধরে ওই যুবক জামালপুর গ্রামের এক ব্যক্তির বাড়িতে অবস্থান করছিল। এ সময় তার চলাফেরা ও কথাবার্তায় গ্রামবাসীর সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।” 

তিনি বলেন, “ওই গ্রামের রাসেল মিয়া ওরফে হানজালার সঙ্গে পূর্ব পরিচয়ের সূত্র ধরে নুর হাসান সেখানে বেড়াতে গিয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। 

“এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করে আটক ওই রোহিঙ্গাকে উখিয়া থানায় পাঠানো হয়েছে। সেখানে পুলিশ তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।”