Published : 11 Jul 2026, 01:20 AM
জামালপুরের ইসলামপুরে স্থানীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের ব্যক্তিগত গাড়িতে পাল্টাপাল্টি ভাংচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার সন্ধ্যায় ইসলামপুরের জেলা পরিষদ ডাকবাংলোতে দুই পক্ষের সমর্থকরা পাল্টাপাল্টি এই ভাংচুর চালায় বলে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন।
এ সময় বিএনপির দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয়। পরে রাত ৮টার দিকে এমপিকে উদ্ধার করে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, শুক্রবার সন্ধ্যায় জেলা পরিষদ ডাকবাংলোতে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিচিতি অনুষ্ঠান চলছিল। এসময় ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি বাবু এবং সাধারণ সম্পাদক নবাবের ব্যক্তিগত গাড়ি ডাক বাংলোর নিচে রাখা ছিল।

অনুষ্ঠান চলার ফাঁকে এমপির ব্যক্তিগত গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে নবাবের লোকজন। এ ঘটনা দেখার সঙ্গে সঙ্গে এমপির কর্মীরাও নবাবের গাড়িতে ভাংচুর চালায়।
এরপর দুই পক্ষ দেশীয় অস্ত্র এবং লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিলে শহরে চরম উত্তেজনা তৈরি হয়। পরে রাত ৮টার দিকে পুলিশ এমপি সুলতান মাহমুদ বাবুকে ডাকবাংলো থেকে উদ্ধার করে আরেকটি গাড়িতে করে গ্রামের বাড়ি পাঠিয়ে দেয়।
এ বিষয়ে কথা বলতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু বলেন, “আমরা নতুন ইউএনওর সঙ্গে কথা বলার সময় একদল দুষ্কৃতকারী গাড়ি ভাংচুর করেছে। এদেরকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য ওসিকে বলেছি।”
ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, “সন্ধ্যায় গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।”