গাইবান্ধায় শিশু ধর্ষণের প্রতিবাদে সড়ক অবরোধ-বিক্ষোভ
গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয় বলে জানান সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আট বছরের শিশু ধর্ষণে জড়িতকে গ্রেপ্তার ও বিচার দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
শনিবার দুপুরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের ইন্দ্রার মোড় এলাকায় অবস্থান নেন। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে প্রায় ঘণ্টাব্যাপী অবরোধ তৈরি করেন।
কর্মসূচিতে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, এলাকাবাসী এবং নির্যাতনের শিকার শিশুটির স্বজনরা অংশ নেন।
পরে পুলিশ গিয়ে আসামিকে গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয় বলে জানান সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার।
সেখান থেকে গিয়ে বিক্ষুদ্ধ জনতা আসামি আনারুল ইসলামের (৪৫) ঘরবাড়ি ভাঙচুর করে এবং কাঠ-বাঁশ জড়ো করে বাড়ির সামনে আগুন ধরিয়ে দেয়।
অবরোধ চলাকালে বক্তব্য দেন ময়নুল ইসলাম, আরিফ ইসলাম, রাব্বি সেখ, হানিফ মিয়া।
হানিফ মিয়া বলেন, ১৮ অক্টোবর বিকালে হঠাৎ করে শিশুটি নিখোঁজ হয়। এরপর স্বজনরা খোঁজাখুজি শুরু করেন। একপর্যায়ে একই এলাকার আনারুল মিয়ার বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় খুঁড়িয়ে খুঁড়িয়ে শিশুটি বের হয়ে আসে।
তখন শিশুটির ধর্ষণের বিষয়ে জানা যায়। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ময়নুল ইসলাম বলেন, ঘটনার চার দিন পর বুধবার রাতে শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়। অথচও এখন পর্যন্ত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেনি। এমনকি আসামি আনারুলকেও গ্রেপ্তার করেনি।
