ওসমান হাদিকে গুলি: ‘নির্বাচনের আগে অরাজকতা সৃষ্টির চেষ্টা’
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গোলচত্বরে এসে শেষ হয়।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গোলচত্বরে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হাসান শিশির বলেন, “আমরা দেখেছি, জুলাইয়ের পর থেকে ফ্যাসিস্টদের রেখে যাওয়া কাঠামো ভেঙে দিয়ে নতুন কাঠামো গঠনের ঘোষণা দিয়েছিলেন ওসমান হাদি ভাই। আমরা মনে করি, এই হামলার পেছনে পতিত ফ্যাসিস্টদের হাত থাকতে পারে।
“আমরা নতুন করে একটি নীলনকশা দেখছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্য হত্যা দিয়ে যেটি শুরু হয়েছে। সেটি জগন্নাথ হয়ে, তিতুমীর কলেজ হয়ে, চট্টগ্রামের মিরসরাই হয়ে আজ ঢাকাতে হাদি ভাইয়ের ওপর পর্যন্ত গড়িয়েছে। এর পরে আমি-আপনি বাংলাদেশের জুলাইপন্থি যারা দেশের হয়ে কথা বলেন, তাদের ওপর হামলা হবে।”
সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আাজাদ শিকদার বলেন, “ওসমান হাদিকে গুলি করা মানে পুরো জুলাইকে গুলি করার শামিল। জুলাই গণ-অভ্যুত্থানের পরে ইন্টেরিম সরকার ফ্যাসিবাদের দোসরদের বিচার করতে ব্যর্থ হয়েছে, তাই তারা জাতীয় নির্বাচনের আগে দেশে একটা অরাজকতা সৃষ্টি করতে চাইছে। আমরা ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার চাই।”
মানববন্ধন শেষে ওসমান হাদির সুস্থতায় দোয়া মোনাজাত পরিচালনা করেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আরমান হোসেন ইমন।
