২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ৩৭

বর্তমানে ৯৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৮৪ জন পুরুষ, নয়জন নারী ও দুই শিশু।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2026, 02:09 PM

Updated : 16 Sep 2026, 05:11 PM

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। 

একই সময়ে নতুন করে ৩৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে ৪৬ জন হাসপাতাল ছেড়েছেন বলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পারসন মোস্তফা ফয়সাল রাহাত জানান। 

বর্তমানে ৯৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৮৪ জন পুরুষ, নয়জন নারী ও দুই শিশু। পুরুষ রোগীদের মধ্যে একজন আইসিইউতে চিকিৎসাধীন।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ২০২৬ সালের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ২১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে আটজনের মৃত্যু হয়েছে।

সহকারী ফোকাল পারসন মোস্তফা ফয়সাল বলেন, “গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। রোগীর চাপ বাড়লেও আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।”