কক্সবাজারে কয়েক ঘণ্টার ব্যবধানে সড়কে ৩ মৃত্যু
এদিন জেলায় একজন বজ্রপাতে নিহত হয়েছেন এবং একজন আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।
কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও চকরিয়া উপজেলায় কয়েক ঘণ্টার ব্যবধানে সড়কে তিনজনের প্রাণ গেছে। আহত হয়েছেন আরও দুজন।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
এ ছাড়া এদিন জেলায় একজন বজ্রপাতে নিহত হয়েছেন এবং একজন আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।
আইওএমের গাড়ির ধাক্কায় রোহিঙ্গা শিশু নিহত
উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-১৩-তে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) একটি গাড়ির ধাক্কায় এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পের ই/০১ ব্লকে এ দুর্ঘটনা ঘটে বলে উখিয়া থানার ওসি মো. মুজিবুর রহমান জানান।
নিহত আবু ওয়াইদা (৪) ক্যাম্প-১৩-এর জি/০৪ ব্লকের বাসিন্দা। তার বাবা মৌলবী আব্দুল্লাহ ও মা হামিদা বেগম।
পুলিশ জানায়, আইওএম পরিচালিত গাড়িটি ক্যাম্পের ভেতর দিয়ে যাওয়ার সময় শিশুটিকে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পর ক্ষুব্ধ রোহিঙ্গারা গাড়িটি ভাঙচুর করে। পরে এপিবিএন ও উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি মুজিবুর রহমান বলেন, দুর্ঘটনার পর গাড়িচালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।
বাইক আরোহী বিক্রয় প্রতিনিধি নিহত
চকরিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে চিরিঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক (তদন্ত) মো. আরিফুল আমিন জানান।
নিহত মো. মিজানুর রহমান চট্টগ্রামের দোহাজারী পৌরসভার বাসিন্দা। তিনি চন্দনাইশ এলাকায় কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, কক্সবাজারমুখী মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পূরবী পরিবহনের বাসের সংঘর্ষ হলে মিজানুর গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেরিন ড্রাইভে বাইক আরোহী নিহত
টেকনাফ উপজেলার মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মোক্তার হোসেন (৪৮) নামে এক পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সদর ইউনিয়নের রাজার ছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান।
নিহত মোক্তার হোসেন বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী (শামলাপুর) এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, বাহারছড়া থেকে টেকনাফগামী মোটরসাইকেলটি পথচারীর সামনে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোক্তার হোসেন মারা যান। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
বজ্রপাতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের চৌফলদণ্ডী ব্রিজ এলাকায় বজ্রপাতে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে চৌফলদণ্ডী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলম জানান।
তিনি বলেন, লবণের মাঠ থেকে ব্রিজের ওপর ওঠার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
বৃদ্ধের আত্মহত্যা
ঈদগাঁও উপজেলায় বসতঘরে গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার ভোররাতে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে ঈদগাঁও থানার ওসি এ টি এম শিফাতুল মাজদার জানান।
নিহত নুরুল হক (৮০) ওই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, ভোররাতে নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস নেন নুরুল হক। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।
ওসি শিফাতুল বলেন, নুরুল হক দীর্ঘদিন ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে। আত্মহত্যার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
