২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমার ছেলে খুন করেছে তাই পুলিশের হাতে তুলে দিয়েছি’

ঠাকুরগাঁওয়ের টাটা কোম্পানির সার্ভিসিং সেন্টার থেকে নিরাপত্তারক্ষী আব্দুর রহমানের লাশ উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2026, 07:15 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

ঠাকুরগাঁও সদর উপজেলায় টাটা সার্ভিসিং সেন্টারের ভেতর থেকে এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এর কিছুক্ষণ পরই ঘটনার সঙ্গে জড়িতসন্দেহে ওই নিরাপত্তারক্ষীর সাবেক এক সহকর্মীকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে জগন্নাথপুর ইউনিয়নের চব্বিশ টিউবল এলাকায় অবস্থিত টাটা কোম্পানির সার্ভিসিং সেন্টার থেকে আব্দুর রহমান (৫৬) নামে ওই নিরাপত্তাকর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

আব্দুর রহমান ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার মৃত আলিমুদ্দিনের ছেলে।

এ ঘটনায় গ্রেপ্তার জুয়েল (২০) শহরের ছেনুয়া পাড়ার বাসিন্দা। তিনি একসময় টাটা সার্ভিসিং সেন্টারে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন।  

বুধবার দুপুরে এই হত্যাকাণ্ডের বিষয়ে সংবাদ সম্মেলন করে জেলা পুলিশ। জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে টাটা সার্ভিসিং সেন্টারের ভেতরে আব্দুর রহমানকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান আরেক নিরাপত্তাকর্মী তওয়াবুর রহমান। 

এ সময় তার চিৎকারে এলাকার লোকজন ছুটে আসেন। পরে পুলিশে এসে আব্দুর রহমানের লাশ উদ্ধার করে। এ ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা হয়েছে। জুয়েলকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

তিনি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছেন।”

জুয়েলের বাবা আব্দুল খালেক বুধবার সাংবাদিকদের বলেন, “আমার ছেলে জুয়েল একসময় টাটা সার্ভিসিং সেন্টারে কাজ করত। পরে তার চাকরি চলে যায়। তার কিছু টাকা পাওনা ছিল। সেই টাকা হয়ত নিরাপত্তাকর্মী আব্দুর রহমানের কাছে ছিল। সেটা নিয়ে রাতে তাদের মধ্যে ঝামেলা হয়।  

“আমার ছেলে বাড়ি এসে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা বলে। তারপরই আমরা পুলিশকে খবর দেই। পুলিশ বাসায় এসে তাকে নিয়ে গেছে।”  

আব্দুল খালেক বলেন, “যেহেতু সে হত্যা করেছে এবং সে আমাদের কাছেও স্বীকার করেছে, এজন্য আমি নিজ হাতে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি। আইন তাকে যা সাজা দেবে আমরা মেনে নেব।” 

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, “বিষয়টি পরিবারের লোক জানামাত্রই পুলিশকে খবর দেয় এবং পুলিশ তার বাসা থেকে জুয়েলকে গ্রেপ্তার করে। জুয়েল তার পরিবারের কাছে স্বীকার করেছে সে নিজেই এই হত্যা করেছে। আমরাও চাই তার শাস্তি হোক।”