২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্যের দখলে সিট, প্রতিবন্ধী কোটায় বরাদ্দ পেয়েও উঠতে পারছেন না রাবি শিক্ষার্থী

ছাত্রদলের অভিযোগ, হল সংসদের নেতারা তাকে আশ্রয় দিচ্ছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2026, 04:09 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ শামসুজ্জোহা হলে প্রতিবন্ধী কোটায় বরাদ্দ পাওয়া কক্ষে উঠতে পারছেন না এক শিক্ষার্থী। অভিযোগ রয়েছে, সেখানে আরেক শিক্ষার্থী অবৈধভাবে অবস্থান করছেন।  

ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম মোহাম্মদ মুসাদ্দেক হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। 

মুসাদ্দেকের অভিযোগ, “আমাকে প্রতিবন্ধী কোটায় ১৫৬ নম্বর রুমটি বরাদ্দ দিয়েছে প্রশাসন। কিন্তু ওই রুমে আগে থেকেই একজন শিক্ষার্থী অবস্থান করছেন। তিনি গণরুমের শিক্ষার্থী। আমি তাকে রুমটি ছেড়ে দিতে বললে তিনি তা করতে রাজি হননি।”

তিনি বলেন, “পরে বিষয়টি নিয়ে আমি ভিপির সঙ্গে দেখা করি এবং স্যারের সঙ্গেও কথা বলি। স্যার আমাকে বলেছেন, রুমটি যেহেতু আমাকে বরাদ্দ দেওয়া হয়েছে, তাই তাকে রুম ছেড়ে দিতে হবে। তবে ওই শিক্ষার্থীর পা ভেঙে যাওয়ায় তাকে কিছুটা সময় দেওয়া হয়েছিল। কিন্তু সময় দেওয়ার পরও তিনি এখনো রুম ছাড়েননি।”

শহীদ শামসুজ্জোহা হল শাখা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান ফুয়াদ বলেন, “এখানে একটা ছেলে অবৈধভাবে হলে অবস্থান করতেছে কিন্তু হল সংসদের নেতারা তাকে আশ্রয় দিচ্ছে। তাদের সহায়তায় এই শিক্ষার্থী হলে অবস্থান করতেছে। কিন্তু যাকে হলে সিট বরাদ্দ দেওয়া হয়েছে সে তার সিটে উঠতে পারছে না।”

এদিকে শিবির প্যানেল থেকে নির্বাচিত হল সংসদের ভিপি আশিকুর রহমান সোহাগ বলেন, “আমি বাইরে ছিলাম। এখানে যে ছেলেটা রুমে আছে, সে দুর্ঘটনার শিকার হয়েছে। সে আমাকে বলেছিল, ভাই, আমি চার-পাঁচ দিন থাকব, এরপর চলে যাব। স্যারও আমাকে বলেছিলেন, সে চার-পাঁচ দিন থাকার পর চলে যাবে। দুই-একদিন পর চলে যাওয়ার কথা ছিল। বিষয়টি স্যার আমাকে অবগত করেছিলেন।”

হল প্রাধ্যক্ষ অধ্যাপক আল-আমীন সরকার বলেন, “ওই শিক্ষার্থীকে একাধিকবার নোটিশ দেওয়ার পরও হল ছাড়েনি। রোববার বিকালেও হল সংসদের ভিপি ও এজিএস ওই শিক্ষার্থীর বিষয়ে আবার অনুরোধ করেছেন। 

“আমি তাদের বলেছি, বিষয়টি এভাবে না দেখে আপাতত সে যেহেতু আহত এবং আমাদের গোলরুমে থাকার সুযোগ আছে, সেখানে গিয়ে থাকুক। এরপর সুযোগ-সুবিধা বুঝে ভালো কোনো সিট পাওয়া গেলে খুঁজে দেখে তাকে দেওয়ার চেষ্টা করব।”

এদিকে অবৈধভাবে অবস্থান করা ইসলামিক স্টাডিস বিভাগের শিক্ষার্থী ইয়াসিনের সঙ্গে কথা বলতে গেলে তাকে কক্ষে পাওয়া যায়নি।