২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় আলাদা ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন

যাবজ্জীবনের পাশাপাশি দুই আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করেছে আদালত।

চুয়াডাঙ্গায় আলাদা ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন
চুয়াডাঙ্গা আদালতে রায় ঘোষণা শেষে আসামিদের কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2025, 07:05 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

চুয়াডাঙ্গার জীবননগর ও আলমডাঙ্গা উপজেলায় আলাদা দুটি ধর্ষণ মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করেছে আদালত। 

বুধবার দুপুরে আলাদা শুনানি শেষে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) এম এম শাহাজাহান মুকুল। 

দণ্ড পাওয়ারা হলেন- আলমডাঙ্গা উপজেলার বারাদি গ্রামের নাজমুল হক (৩৩) এবং জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের আব্দুল খালেক (৫৫)।

আদালতের বরাতে পিপি শাহাজাহান মুকুল বলেন, ২০২১ সালের ৮ সেপ্টেম্বর নাজমুল হক ১৩ বছর বয়সি এক কিশোরীকে ধর্ষণ করেন। এতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে ওই বছরের ১৯ ডিসেম্বর কিশোরীর বাবা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় ধর্ষণ মামলা করেন। 

তদন্ত শেষে ২০২২ সালের ২৬ অক্টোবর আলমডাঙ্গা থানার এসআই মো. খসরু আলম আসামি নাজমুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন বলে জানান তিনি।

এদিকে ২০১৫ সালের ৮ জুন আব্দুল খালেক ছয় বছর বয়সি এক মেয়েকে ধর্ষণ করেন। ঘটনার পরদিন শিশুটির বাবা জীবননগর থানায় ধর্ষণ মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ৩১ জুলাই জীবননগর থানার তৎকালীন এসআই আকরাম হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পিপি শাহাজাহান মুকুল বলেন, সাক্ষ্য গ্রহণ শেষে দুজনকেই আলাদাভাবে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা করে জরিমানা করা হয়। রায় ঘোষণা শেষে আসামিদের কারাগারে নিয়ে যায় পুলিশ।

এই রায়ের মাধ্যমে সমাজে অপরাধ প্রবণতা কমবে বলে করেন রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।