Published : 04 Jan 2026, 07:42 PM
রাজশাহীর বাঘায় টিনের বেড়া কেটে ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন তার স্ত্রী।
রোববার রাত ১টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর করালি নওশারার চর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মণ্ডল।
নিহত সোহেল রানা ওই গ্রামের বাসিন্দা। তার স্ত্রী সাধিনা খাতুন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাতে সোহেল এবং তার স্ত্রী ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ১ টার দিকে সোহেলের ঘরের টিনের বেড়া কেটে ঘরে ঢুকে কয়েকজন হামলাকারী। তারা এলোপাতাড়ি ১০ থেকে ১২ টি গুলি ছোঁড়ে। এ সময় সোহেল ও তার স্ত্রী গুলিবিদ্ধ হন।
গুলির শব্দে এলাকার লোকজন বেরিয়ে আসলে হামলাকারীরা তাদের গুলি করার ভয় দেখিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরাসহ গ্রামের লোকজন সোহেল ও তার স্ত্রীকে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।
নিহতের আত্নীয় সাইদুল ইসলাম বলেন, ‘কাঁকন বাহিনী’ নামে পরিচিত কুষ্টিয়ার জেলার একটি সশস্ত্র সন্ত্রাসী দলের সদস্যরা এই হামলা চালিয়েছে।
তিনি বলেন, দীর্ঘ দিন ধরে চর দখল নিয়ে বাঘার মোন্তাজ গ্রুপের সঙ্গে কুষ্টিয়ার কাঁকন বাহিনীর মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে গত বছরের ২৭ অক্টোবরও কাঁকন বাহিনীর হামলায় গুলিবিদ্ধ হয়ে মোন্তাজ গ্রুপের দুইজন নিহত হয়েছেন।
তিনি আরও বলেন, হত্যা মামলায় মোন্তাজ পলাতক থাকায় তার জমিজমা ও ক্ষেত-খামার দেখা শোনা করতেন সোহেল রানা। এ কারণে হয়তো তারা এবার সোহেল রানাকে টার্গেট করে হত্যা করেছে।
পরিদর্শক সুপ্রভাত মণ্ডল বলেন, আগের দুইটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে রাতের আঁধারে বাড়িতে ঢুকে সোহেল রানাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।