খাগড়াছড়িতে আহত অবস্থায় লজ্জাবতী বানর উদ্ধার
প্রাণীটি পশু হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এর চোখে ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় আহত অবস্থায় বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। প্রাণীটি স্থানীয় একটি বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠনের তত্ত্বাবধানে রয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার গোমতি ইউনিয়নের শান্তিপুর এলাকা থেকে বানরটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা ফরিদ মিঞা।
বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সদস্য মো. আহসান বলেন, স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় বানরটি দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়। পরে তারা ঘটনাস্থলে গিয়ে প্রাণীটি উদ্ধার করে নিয়ে যায়।
মাটিরাঙ্গা বন বিভাগের প্রহরী মো. হাসান বলেন, বুধবার সকালে প্রাণীটি পশু হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এর চোখে ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি বলেন, বন বিভাগের কার্যালয়ে প্রয়োজনীয় পরিবেশ না থাকায় প্রাণীটিকে আপাতত নিরাপদ আশ্রয়ের জন্য ‘পিটাছড়ায়’ স্থানান্তর করা হয়। সেখান থেকে আবার চিকিৎসার জন্য নিয়ে আসা হবে।
খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা ফরিদ মিঞা বলেন, “লজ্জাবতী বানর অত্যন্ত সংবেদনশীল ও বিপন্ন একটি প্রজাতি। এরা সাধারণত গভীর বনাঞ্চলে বসবাস করে এবং খুব কমই মানুষের সামনে আসে।
“বন উজাড়, অবৈধ শিকার ও মানবসৃষ্ট নানা কারণে এদের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। বানরটির চিকিৎসা চলছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, এটিকে সুস্থ করে তুলতে। সুস্থ হলে বনাঞ্চলে অবমুক্ত করা হবে।”
লজ্জাবতী বানর আইইউসিএন (IUCN) বা আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের লাল তালিকায় বিপন্ন বা সংকটাপন্ন প্রাণী হিসেবে তালিকাভুক্ত রয়েছে বলে জানান এ বন কর্মকর্তা।
