২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে মিল শ্রমিকের লাশ উদ্ধার

“মৃত ব্যক্তির শরীরের বেশ কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।”

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2025, 02:25 PM

Updated : 10 Sep 2026, 12:32 PM

নরসিংদী পৌর শহরের কামারগাঁও এলাকা থেকে এক মিল শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয় বলে নরসিংদী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সামিউল ইসলাম জানান।

নিহত ২৫ বছর বয়সী এরশাদ মিয়া নরসিংদী সদর উপজেলার শান্তি ভাওলা এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি স্থানীয় ‘চিশতিয়া সাইজিং’ মিলের শ্রমিক ছিলেন।

তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এলাকাবাসী ও মৃতের পরিবারের সদস্যরা জানান, এরশাদ মঙ্গলবার কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সকালে কামারগাঁও এলাকায় সড়কের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে থানায় খবর দেওয়া হয়।

পরিদর্শক সামিউল বলেন, “মৃত ব্যক্তির শরীরের বেশ কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের সদস্যরা থানায় এসেছেন, আলোচনা করে বিস্তারিত জানা যাবে। এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।”