২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে মুরগির খামারে মিলল ১৫ কোটি টাকার ইয়াবা

খামারের ভেতরে একটি ছোট কক্ষে খাটের নিচে লুকিয়ে রাখা দুটি বস্তায় ৫০টি প্যাকেটে পাঁচ লাখ ইয়াবা পাওয়া যায় বলে জানায় পুলিশ।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2026, 09:09 PM

Updated : 26 Aug 2026, 03:23 PM

কক্সবাজারের টেকনাফ উপজেলায় একটি মুরগির খামার থেকে প্রায় ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয় বলে জানান টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম।

এ ঘটনায় খামার মালিক নুরুল হোসাইনের (৩২) নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ। নুরুল হোসাইন ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

ওসি সাইফুল ইসলাম বলেন, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান আসার খবর পেয়ে পুলিশ মুরগির খামারে অভিযান চালায়। এ সময় খামারের ভেতরে একটি ছোট কক্ষে খাটের নিচে লুকিয়ে রাখা দুটি বস্তা পাওয়া যায়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই নূর হোসেনসহ তিনজন পালিয়ে যান।

পরে বস্তা দুটি তল্লাশি করে ভেতর ৫০টি প্যাকেটে পাঁচ লাখ ইয়াবা পাওয়া যায়; যার আনুমানিক বাজার মূল্য ১৫ কোটি টাকা বলে জানান তিনি।

তিনি বলেন, এ ঘটনায় নুরুল হোসাইনকে প্রধান আসামি করে একটি মামলা করেছে পুলিশ। মাদক কারবারে জড়িত অন্যদেরও শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।