২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে হাসপাতালের ভবন থেকে লাফিয়ে তরুণীর আত্মহত্যা

সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2026, 02:05 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলা থেকে লাফিয়ে এক তরুণী আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান।  

নিহত মৌসুমী আক্তার (২৫) তারাকান্দা উপজেলার কামারিয়া গ্রামের ওয়াজেদুল ইসলামের মেয়ে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সকালে মায়ের সঙ্গে চিকিৎসার জন্য হাসপাতালে আসেন মৌসুমী। তারপর তিনি হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় উঠে নিচে লাফিয়ে পড়েন। বিকট শব্দ শুনে লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌসুমীর ভাই ইউসুফ আলী বলেন, মৌসুমী দেড় বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। নিয়মিত চিকিৎসায় তিনি অনেকটা সুস্থ হয়ে ওঠেছিলেন। তবে পাঁচ দিন ধরে তার অবস্থার আবারও অবনতি হয়। সকালে চিকিৎসার জন্যই মা তাকে নিয়ে হাসপাতালে এসেছিলেন। 

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, “তরুণী ভবন থেকে পড়ে মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি। হাসপাতাল প্রশাসনের সবাই গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। 

“ভিকটিমের কিছু কাগজপত্র ঘেঁটে জানা যায়, তিনি মারাত্মকভাবে মানসিক ভারসাম্যহীন ছিলেন। বিষয়টি খতিয়ে দেখতে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে পুলিশকে অবহিত করা হয়েছে।”

হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।