মাদকসেবী ও ব্যবসায়ীদের ধরে পুলিশে দিতে বললেন সাভারের এমপি
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারে এক আলোচনা সভায় এ নির্দেশনা দেন সালাউদ্দিন বাবু।
সাভার এলাকাকে পুরোপুরি মাদকমুক্ত করতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
সেইসঙ্গে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের চিহ্নিত করে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার নির্দেশ দিয়েছেন তিনি।
শুক্রবার বিকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভার সরকারি কলেজ মাঠে দলটির পৌর কমিটি আয়োজিত আলোচনা সভায় এ নির্দেশনা দেন সংসদ সদস্য।
সাভারের মাটিতে কোনও মাদক ব্যবসায়ী বা সেবীর স্থান হবে না জানিয়ে সালাউদ্দিন বাবু বলেন, সাভারের মাদক নিয়ন্ত্রণে শুধু পুলিশের ওপর ভরসা না করে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিজ নিজ এলাকার চিহ্নিত মাদক সেবী ও ব্যবসায়ীদের ধরে সরাসরি পুলিশে দিন।
আগামী দিনে ঐক্যবদ্ধভাবে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কাজ করার কথা বলেন তিনি।
১ সেপ্টেম্বর বিএনপির মূল প্রতিষ্ঠাবার্ষিকী থাকলেও শুক্রবার সাভার সরকারি কলেজ মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভাকে কেন্দ্র করে সাভার পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে ব্যানার ও ফেস্টুনসহ মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা কলেজ মাঠে এসে সমবেত হন।
সভায় বক্তারা দলের ঐক্য সুদৃঢ় রাখা এবং তৃণমূল পর্যায় থেকে দলকে আরও শক্তিশালী করার ব্যাপারে গুরুত্বারোপ করেন।
সাভার পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইব্রাহিম মোল্লার সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি।
এ সময় সাভার ও আশুলিয়া থানা বিএনপির অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
