গাজীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল বন্ধ
ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ‘যমুনা এক্সপ্রেস’ ট্রেনটি রাজেন্দ্রপুর রেল স্টেশন এলাকায় পৌঁছলে একটি বগি লাইনচ্যুত হয়।
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ময়মনসিংহগামী ‘যমুনা এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রাজেন্দ্রপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মাহমুদুল হাসান।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ‘যমুনা এক্সপ্রেস’ ট্রেনটি রাজেন্দ্রপুর রেল স্টেশন এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু হবে।
লাইনচ্যুত বগি উদ্ধার করা হলে রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে জানান স্টেশনের মাস্টার।
জয়দেবপুর রেলওয়ে জংশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. নাদির উজজামান বলেন, উদ্ধারকারী দল কার্যক্রম চালাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই উদ্ধার শেষ হলে রেল চলাচল শুরু হবে।
রাত ৯টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত রেল চলাচল শুরু হয়নি।
