২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাদি হত্যার দ্রুত বিচার: দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ সিলেটে

তিন দিনের মধ্যে চার্জশিট ও ৩০ কার্যদিবসের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার কাজ সম্পন্ন করতে হবে বলে হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2025, 05:41 PM

Updated : 26 Aug 2026, 05:25 PM

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যার দ্রুত বিচারের দাবিতে সিলেটে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চ। 

রোববার দুপুরে নগরীর চৌহাট্টায় সংগঠনটির সিলেট ও শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যানারে এ বিক্ষোভ শুরু করা হয়। এর আগে শনিবারও একই স্থানে দুপুর থেকে রাত পর্যন্ত বিক্ষোভ করে ইনকিলাব মঞ্চ।

অবরোধ কর্মসূচিতে আসা শিক্ষার্থী মীর লুৎফুর বলেন, “শহীদ শরীফ ওসমান হাদি ভাই ছিলেন আধিপত্যবাদবিরোধী আন্দোলনের একজন সক্রিয় কর্মী। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। 

“ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হওয়ায় ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।”

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক মো. হাফিজুল ইসলাম বলেন, হাদি হত্যার বিচার দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রোববার দেশের সব বিভাগীয় শহরে একযোগে এ কর্মসূচি পালন করা হচ্ছে।   

সরকার এই হত্যার বিচারে টালবাহানা করছে বলে অভিযোগ তুলে সমাবেশের বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হলে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। 

আগামী তিন দিনের মধ্যে চার্জশিট ও ৩০ কার্যদিবসের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার কাজ সম্পন্ন করতে হবে বলেও হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা।

বিচারিক কার্যক্রম ত্বরান্বিত না হওয়ার আগ পর্যন্ত রাজপথে তাদের অবস্থান অব্যাহত থাকবে বলেও জানান বক্তারা।