২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ৫০ হাজার টাকার জন্য প্রবাস ফেরত যুবককে হত্যা

সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বড়গাঁও গ্রামের গাজী বাড়িতে এ ঘটনা ঘটে বলে ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলম জানান।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2025, 09:46 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ৫০ হাজার টাকার জন্য প্রবাস ফেরত এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আটক করা হয়েছে তিনজনকে। 

সোমবার দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বড়গাঁও গ্রামের গাজী বাড়িতে এ ঘটনা ঘটে বলে ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলম জানান।

নিহত বাবু (২২) ওই গ্রামের রওশন গাজীর ছেলে। তিনি ওমানে থাকতেন। 

এ ঘটনায় রওশন গাজী এবং তার আরেক ছেলে আরমান (২০) গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আটকরা হলেন- বাবুর আপন চাচা হাসান (৫০), তার ছেলে শাকিল (২৫) এবং শাকিলের স্ত্রী সুমাইয়া (২০)। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বাবু বিদেশ যাওয়ার সময় নাকি তার চাচা হাসানের কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নিয়েছিলেন। সেই টাকার জন্য বাবুকে তার চাচা ডেকে নেন। পাওনা টাকা নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অস্ত্র নিয়ে বাবুর উপর হামলা চালানো হয়। 

ছুরিকাঘাত ও কোপানোর কারণে ঘটনাস্থলেই বাবু মারা যান। তাকে বাঁচাতে বাবা ও ভাই এগিয়ে গেলে তাদেরকেও আহত করা হয়।   

নিহত বাবুর শ্বশুর কামাল বলেন, “হাসানের টাকা পাওয়ার দাবি মিথ্যা। বিষয়টি নিয়ে রোববার বিকালে সাহার বাজারে সালিস বসে এবং সোমবার বিকালে আবার বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ঘটল এ হত্যাকাণ্ড।”

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রওশন গাজী বলেন, “বাবুর কাছে কিছু টাকা পাবে বলে হাসানের তর্কাতর্কি হয়। এ সময় হাসান ও তার দুই ছেলে এলোপাতাড়ি কুপিয়ে বাবুকে হত্যা করে।”

নৃশংস হত্যার খবর ছড়িয়ে পড়লে কয়েক হাজার মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও সেনাবাহিনীকে হিমশিম খেতে হয়।

খবর পেয়ে চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদগঞ্জ-হাজীগঞ্জ) সার্কেল মুকুর চাকমা এবং ডিবি পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেন।

ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলম বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে।