পাবনায় বাস মালিক সমিতি কার্যালয় দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
সমিতির সাধারণ সদস্যরা এর প্রতিকার চেয়ে সদর থানা ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান।
পাবনায় বিএনপি নেতার বিরুদ্ধে জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির কার্যালয় দখল ও অবৈধভাবে নিজেকে সাধারণ সম্পাদক ঘোষণার অভিযোগ উঠেছে।
শনিবার দুপুরে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালে সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সমিতির সাধারণ সদস্য পরিবহণ মালিকেরা।
তারা এর প্রতিকার চেয়ে সদর থানা ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান।
সমিতির সদস্যরা অভিযোগ করেন, ২০০৮ সালে জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতির সর্বশেষ নির্বাচনে মো. ওমর আলী সভাপতি ও কালাম আহম্মেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিন বছর কমিটির মেয়াদ পূর্তির পরও তারা তৎকালীন সরকারের প্রভাবশালী মন্ত্রীর প্রভাব খাটিয়ে নির্বাচন দেননি।
তাদের অভিযোগ, সাধারণ সদস্যদের সমিতির হিসাবনিকাশ ও রেজিস্টার সংরক্ষণ না করে নিজেদের মত তহবিল লুট করেছেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা আত্মগোপনে চলে যান।
এরপর গত ৭ অগাস্ট সমিতির সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সম্মতিতে গঠন তন্ত্রের ১৪ (ঘ) ধারা অনুযায়ী কাউছার রহমান রিন্টুকে ভারপ্রাপ্ত সভাপতি ও সাইদুর রহমান মানিককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
সাধারণ সদস্যরা আরও অভিযোগ করেন, সম্প্রতি পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল বাস মিনিবাস ও কোচ মালিক সমিতি দখলে নেওয়ার ষড়যন্ত্র শুরু করেন।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, গত ২৬ অগাস্ট বুলাল কতিপয় ‘সন্ত্রাসী’ নিয়ে শহরের এআর কর্নারের সমিতির কার্যালয়ের তালা ভেঙে মালিক-সদস্যদের সাক্ষর করা রেজিস্ট্রার বই ও রেজুলেশন বই চুরি করে নিয়ে যান।
এরপর তিনি সেলিম হোসেনকে সভাপতি ও নিজেকে সাধারণ সম্পাদক ঘোষণা করে সমিতির কার্যালয় দখলে নেন।
সমিতির সদস্যরা আরো অভিযোগ করেন, সেলিম হোসেন ৮ বছর আগেই তার গাড়ির ব্যানার ও ট্রিপ বিক্রি করে দেওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী সদস্যপদ হারিয়েছেন এবং রেহানুল ইসলাম বুলাল নিজে বা তার পরিবারের কেউ কখনোই পরিবহণ ব্যবসায় যুক্ত নন, তার নামে মালিক সমিতিতে কোনো গাড়িও কখনো তালিকাভুক্ত ছিল না। এরপরও চর দখলের মত করে সমিতির কার্যালয় তিনি বিএনপির নাম ভাঙিয়ে দখল করেছেন।
এ বিষয়ে প্রশাসনকে লিখিত অভিযোগ ও বিএনপির শীর্ষ নেতৃত্বকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে জানিয়ে সমিতির সদস্যরা বলেন, বিগত সরকারের ক্ষমতার দাপট দেখিয়ে কিছু ব্যক্তি তাদের জিম্মি করে রেখে ছিলেন। এখন নতুন সরকারের সময়েও একই ঘটনার পুনারাবৃত্তি চান না তারা।
নির্বাচনের মাধ্যমে সমিতির নতুন নেতৃত্ব নির্ধারণে তারা সবার সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে সমিতির প্রায় অর্ধশত সদস্য উপস্থিত ছিলেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল।
নিজেকে সমিতির ২০ নম্বর সদস্য দাবি করে তিনি বলেন, “সমিতির সর্বশেষ কমিটির মেয়াদ ২০২২ সালে শেষ হয়েছে। সম্পূর্ণ নিয়মতান্ত্রিক পন্থায় আমাদের কমিটি গঠিত হয়েছে যা সরকারি অনুমোদনও পেয়েছে। আগামী তিন বছরের মধ্যে কোনো নির্বাচনের সুযোগ নেই।”
তালা ভেঙে দখলের ‘বানোয়াট’ অভিযোগ না করে সব সদস্যকে সমিতির কার্যালয়ে এসে কথা বলারও আহ্বান জানান রেহানুল ইসলাম বুলাল।
