২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে কারখানাসহ ৩০টিরও বেশি দোকান পুড়ে গেছে

নোয়াখালী ও ফেনী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নোয়াখালীতে কারখানাসহ ৩০টিরও বেশি দোকান পুড়ে গেছে
নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট বাজারের অগ্নিকাণ্ড।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2025, 10:22 AM

Updated : 26 Aug 2026, 01:33 PM

নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে অগ্নিকাণ্ডে কারখানাসহ ৩০টিরও বেশি দোকান পুড়ে গেছে। প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। 

শনিবার মধ্যরাতে বাজারের মহিব উল্যাহর প্লাইউড ফ্যাক্টরি থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, রাত ১২টা ১৫ মিনিটের দিকে বিকট শব্দের সঙ্গে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে প্লাইউডের পুরো কারখানাসহ আশপাশের প্রায় ৩০টির মতো দোকান ও ব্যাংক-বীমার মতো আর্থিক প্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়ে। 

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ বলেন, “খবর পেয়ে নোয়াখালী ও ফেনী থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এ সময় সেনাবাহিনী-পুলিশের পাশাপাশি স্থানীয়রাও আগুন নিয়ন্ত্রণে আনতে একযোগে কাজ করেন। 

“পরে প্রায় তিনঘণ্টা চেষ্টায় রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস সদস্যরা।”

ফরিদ আহমেদ আরও বলেন, আগুন লাগার সঠিক কারণ ও ক্ষতির হিসেবে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে উপজেলার অন্যতম এ বাণিজ্যিক এলাকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ভাষ্য, আগুনে তাদের শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।