২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মাদারীপুরে ‘চোর সন্দেহে’ ৩ জনকে পিটুনি, একজনের চোখ উৎপাটনের চেষ্টা

মধ্যরাতে ওই তিনজনের রহস্যজনক চলাফেরা দেখে এলাকাবাসী ধাওয়া দিয়ে তাদের আটক করে পিটুনি দেয় বলে জানায় পুলিশ।

মাদারীপুরে ‘চোর সন্দেহে’ ৩ জনকে পিটুনি, একজনের চোখ উৎপাটনের চেষ্টা
মাদারীপুর সদরে পিটুনিতে আহত যুবককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বিডিনিউজ২৪

মাদারীপুর প্রতি‌নি‌ধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2025, 03:42 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

মাদারীপুর সদর উপজেলায় ‘চোর সন্দেহে’ তিন যুবককে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। তাদের মধ্যে একজনের চোখ উৎপাটনের চেষ্টা করা হয়েছে ভাষ্য পুলিশের।

শনিবার রাত ৩টার দিকে উপজেলার শিরখাড়া ইউনিয়নের পশ্চিম মাঠ বাঘাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. আদিল হোসেন।

আহতরা হলেন- ওই এলাকার ওয়াজেদ শেখের ছেলে জাকির শেখ (৫০), একই এলাকার আলতা মাতুব্বরের ছেলে ইস্রা‌ফিল মাতুব্বর (৪০) এবং শ্রীনদী রায়েরকান্দি গ্রামের সিরাজ শিকদারের ছেলে বাবুল শিকদার (২৫)।

তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় জাকির শেখকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চুরি-ডাকাতি রোধে পশ্চিম মাঠ বাঘাবাড়ি এলাকায় নিয়মিত পাহারা দেন স্থানীয় যুব সমাজ। শনিবার মধ্যরাতে ওই তিনজনের রহস্যজনক চলাফেরা দেখতে পেয়ে ধাওয়া দেয় এলাকাবাসী। পরে তিনজনকে আটক করে পিটুনি দেওয়া হয়। 

এ সময় জাকির শেখের দুই চোখ উৎপাটনের চেষ্টা করেন জনতা। খবর পেয়ে শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই বেল্লাল হোসেন ও তার সঙ্গীরা ঘটনাস্থল থেকে তিনজনকে হেফাজতে নেন। পরে তাদের সদর মডেল থানায় পাঠানো হয়।

তাদের মধ্যে গুরুতর জাকির শেখকে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

ওসি আদিল হোসেন বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। এ ছাড়া মামলা ও আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।