২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

রাত ১১টায় চার থেকে পাঁচজন এসে মঞ্জুকে মাথা ও বুকে দুটি গুলি করে চলে যায়।

নাটোরে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা
নাটোরের গোপালপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2024, 01:38 AM

Updated : 26 Aug 2026, 09:31 AM

নাটোরের গোপালপুরে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

বুধবার রাত ১১টার দিকে গোপালপুরের আজিমপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে বলে লালপুর থানার ওসি মো. নাছিম আহমেদ জানান। 

নিহত মঞ্জুরুল ইসলাম মঞ্জু (৪৫) গোপালপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড নর্থ বেঙ্গল সুগার মিলের পাশের বাহাদিপু এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাতে স্টেশনের একটি কনফেকশনারির দোকানে মঞ্জুরুল ইসলাম মঞ্জু বসে ছিলেন। এ সময় চার থেকে পাঁচজনের একটি দল মোটরসাইকেলে এসে স্টেশনে নামে। পরে তারা হেঁটে এসে মঞ্জুরুল ইসলাম মঞ্জুর মাথায় ও বুকে দুটি গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মঞ্জুর মৃত্যু হয়। 

ওসি নাছিম আহমেদ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি দল মাঠে কাজ শুরু করেছে।”