২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি সংকটের সমাধান রাতারাতি সম্ভব নয়, সময়সাপেক্ষ: নৌমন্ত্রী

বাগেরহাট প্রেস ক্লাবের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2026, 07:48 PM

Updated : 16 Sep 2026, 05:10 PM

সারাদেশে চলমান জ্বালানি সংকটের সমাধান রাতারাতি সম্ভব নয়; একটু সময়সাপেক্ষ বলে বলেছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।  

তিনি বলেছেন, “জ্বালানি নিয়ে গত ১৭ বছর ধরে একটা সংকট ছিল, যার একটা নেতিবাচক প্রভাব এখন দেখা যাচ্ছে। তা থেকে উত্তরণের জন্য সরকার প্রতিদিন, প্রতিনিয়ত কাজ করছে। স্বপ্লমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকার গ্রহণ করছে।

“আশা করছি, এই সংকটের সমাধান হবে কিন্তু রাতারাতি নয়; একটু সময়সাপেক্ষ হবে।”

সোমবার বিকালে বাগেরহাট প্রেস ক্লাবের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, সরকারের একটি দল ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণে আকরাম পয়েন্টের সম্ভাবতা যাচাইয়ের জন্য পরিদর্শন করেছেন।  

শেখ রবিউল আলম বলেন, “আমাদের মনে হয়েছে, মোংলাতে একটি ভাসমান এলএনজি টার্মিনাল হওয়া নায্য। এতে দক্ষিণাঞ্চলসহ তিন বিভাগের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারের একটি প্রতিনিধিদল এলএনজি টার্মিনাল নির্মাণে আকরাম পয়েন্টের সম্ভাব্যতা যাচাইয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পরিদর্শন করেছে। এখানে একটি এলএনজি টার্মিনাল স্থাপন করার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার চেষ্টা করবে।” 

মোংলা বন্দরের উন্নয়নে সরকার কাজ করছে এবং সেখানে একটি অর্থনৈতিক জোন তৈরির চেষ্টাও হচ্ছে বলে মন্তব্য করেন শেখ রবিউল আলম। বলেন, এগুলো হলে দুটি ধাপে ৬০ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে। 

মন্ত্রী বলেন, মোংলা বন্দর দেশের অর্থনীতিতে পাঁচ থেকে ছয় শতাংশ অবদান রাখছে। সেটিকে ইচ্ছা করলে ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব। 

এদিন শেখ রবিউল আলম প্রায় ৭৩ কোটি টাকা ব্যয়ে বাগেরহাট-রামপাল এবং মোংলা-বাগেরহাট সড়ক উন্নয়ন প্রকল্পের ১০ কিলোমিটার কাজের উদ্বোধন করেন। 

এরপর তিনি সরকারি পিসি কলেজে বৃক্ষরোপণ ও আলোচনা সভায় অংশ নেন। পরে তিনি বিএনপির উদ্যোগে একটি আলোচনা সভায় যোগদান করেন। 

এ সময় বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিম, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম উপস্থিত ছিলেন।