২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী সিটি করপোরেশনে সেবা পেতে ‘ভোগান্তি’, নিরসনের দাবি

সিটি করপোরেশনের নাগরিক সেবায় ‘স্থবিরতা’ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন সচেতন নাগরিক সমাজের নেতারা।

রাজশাহী সিটি করপোরেশনে সেবা পেতে ‘ভোগান্তি’, নিরসনের দাবি
রাজশাহী সচেতন নাগরিক সমাজের পক্ষে সংবাদ সম্মেলনে করে সিটি করপোরেশনের নানা ভোগান্তির অভিযোগ তুলে ধরা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2025, 03:48 PM

Updated : 26 Aug 2026, 01:25 PM

রাজশাহী সিটি করপোরেশনের কার্যক্রমে অচলাবস্থা অভিযোগ তুলে, তা নিরসনের আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিক সমাজের নেতারা। 

রোববার সকালে নগরের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে সিটি করপোরেশনের নাগরিক সেবায় ‘স্থবিরতা’ নিয়ে নানা ভোগান্তির চিত্র তুলে ধরেন ভুক্তভোগীরা।

রাজশাহী সচেতন নাগরিক সমাজের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তরিকুল কালাম স্বপন। 

তিনি বলেন, রাজশাহী সিটি করপোরেশন দেশের অন্যতম নাগরিক সেবামূলক একটি প্রতিষ্ঠান। দেশ-বিদেশে এ শহরের সুনাম আছে, যা কারো অজানা নয়। অথচ এই সুনামধন্য প্রতিষ্ঠানে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

সংবাদ সম্মেলনে নগরবাসীর ভোগান্তির চিত্র তুলে ধরে স্বপন বলেন, “জন্ম নিবন্ধন, নাগরিক ও মৃত্যু সনদপত্র পেতে ভোগান্তি বৃদ্ধি পেয়েছে। নতুন হোল্ডিং খোলার জন্য সেবাগ্রহীতা সিটি করপোরেশনে গেলে কর্মকর্তাদের রোষানলে পড়ছেন। ভবন নির্মাণে এনওসি পেতে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। 

“এ ছাড়া বিভিন্ন ধরনের ছাড়পত্র পেতেও ভোগান্তি পোহাতে হয়। ট্রেড লাইসেন্স নবায়ন ও নতুন করে খুলতে গেলেও ভোগান্তিতে পড়ছেন সেবা গ্রহীতারা। শহরের বিভিন্ন ওয়ার্ডের ওলিগলিতে বৈদ্যুতিক ল্যাম্পপোস্টগুলোতে মাসের পর মাস লাইট না থাকলেও সে বিষয়ে কারো ভ্রূক্ষেপ নেই। বিভিন্ন ধরনের ভাতা পেতেও ভোগান্তি পোহাতে হচ্ছে ভাতাভোগীদের।”

স্বপন বলেন, শহরের চলমান ফ্লাইওভারের কাজে ধীরগতির কারণে জনসাধারণের কষ্টের শেষ নেই। শহরে চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প কাজের বিপরীতে ঠিকাদারদের বিল সংক্রান্ত ফাইল মাসের পর মাস আটকে রাখা হয়েছে।

দ্রুত স্থায়ী প্রশাসক নিয়োগ দিয়ে সিটি করপোরেশনের অচলাবস্থা নিরসনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্ববান জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে ঠিকাদার ইয়াহিয়া খান মিলু, গাজী কনস্ট্রাকশনের মালিক গাজী সালাহউদ্দিন, ঠিকাদার হাফিজুল ইসলাম আপেল, বেলাল খান, মজিদ কনস্ট্রাকশনের সারওয়ার জাহান বক্তব্য দেন।

সিটি করপোরেশনের ভদ্রা কাঁচাবাজারের উন্নয়ন কাজ করছেন মজিদ কনস্ট্রাকশনের মালিক সারওয়ার জাহান।

বিল না পাওয়ার অভিযোগ করে তিনি বলেন, “৩৮% কাজ শেষ হলেও বিল পাচ্ছি না। ৭৯ কোটি টাকার প্রকল্পে মাত্র ১২ কোটি টাকা বিল দেওয়া হয়েছে। বাকি বিল না পাওয়ায় কাজ বন্ধ করতে বাধ্য হয়েছি। এভাবে কাজ করা সম্ভব নয়।’’

গত কয়েক মাস ধরে সিটি করপোরেশন কর্তৃপক্ষ সেবাগ্রহীতাদের সঙ্গে ভালো আচরণ করছে না বলে অভিযোগ গাজী কনস্ট্রাকশনের গাজী সালাহউদ্দিনের। 

তিনি বলেন, ঠিকাদারদের বিল মাসের পর মাস আটকে রাখায় নগরের ফ্লাইওভার ও অন্যান্য উন্নয়নকাজের গতি থমকে আছে। ফলে শহরে যানজটসহ জনদুর্ভোগ বেড়েই চলেছে।