২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪৬ বছর ধরে ভারতে থাকা পরিবারকে ঠেলে দিল বিএসএফ

তারা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার চাড়ালিয়া হাঁটি ইউনিয়নের পূর্ব মাইজভাণ্ডার গ্রামের বাসিন্দা।

৪৬ বছর ধরে ভারতে থাকা পরিবারকে ঠেলে দিল বিএসএফ
পরিবারটি ৪৬ বছর ধরে ভারতে অবস্থান করছিল বলে বিজিবি জানিয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2025, 04:42 PM

Updated : 26 Aug 2026, 01:16 PM

ফেনী সীমান্ত দিয়ে এবার চারজনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ।

বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার জোয়ারকাছার সীমান্ত দিয়ে চারজনকে ঠেলে দেওয়ার পর আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি-১০ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।

আটক ব্যক্তিরা হলেন- চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার চাড়ালিয়া হাঁটি ইউনিয়নের পূর্ব মাইজভাণ্ডার গ্রামের আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ তহিদুল আলম, তহিদুলের স্ত্রী হাজেরা খাতুন, ছেলে মো. শোয়েব ও মেয়ে মোছাম্মৎ শবনম।

আটকদের বরাতে বিজিবি জানায়, তহিদুল ১৯৭৯ সালে কাজের সন্ধানে স্ত্রীসহ ভারতে যান। সেখানে তাদের এক ছেলে ও এক মেয়ের জন্ম হয়। তারা দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছিলেন। 

সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের মুম্বাই থেকে আটক করে। পরে তাদের ত্রিপুরার আগরতলায় পাঠানো হয়। সেখান থেকেই তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে। 

বিজিবি জানায়, দুপুরে তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামছুজ্জামান বলেন, চাজনকে থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের গ্রামের বাড়ির স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাদের হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।

গত দুই মাসে চার দফায় ফেনী সীমান্তে ৬৫ জনকে ‘পুশইন’ করেছে বিএসএফ। এদের মধ্যে ২৬ জুন ফেনীর ধর্মপুর জোয়ারকাছার সীমান্ত দিয়ে একই পরিবারের চারজন, ১৯ জুন ছাগলনাইয়া সীমান্ত দিয়ে ১১ জন, ৩০ মে ছাগলনাইয়া সীমান্ত দিয়ে ১৩ জন এবং ২২ মে ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত দিয়ে ৩৭ জনকে ঠেলে পাঠায় বিএসএফ।