জীবনানন্দ দাশের পৈত্রিক ভিটা উদ্ধার করে ইনস্টিটিউট নির্মাণের দাবি
কবির ৭০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালে আয়োজিত এক সভায় এ দাবি তোলা হয়।
কবি জীবনানন্দ দাশের পৈত্রিক ভিটা উদ্ধার করে তার নামে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট নির্মাণের দাবি জানানো হয়েছে। কবির ৭০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালে আয়োজিত এক সভায় এ দাবি তোলা হয়।
মঙ্গলবার সকালে নগরীর জীবনানন্দ দাশ সড়কে স্থাপিত কবির পৈত্রিক ভিটার একাংশে নির্মিত কবি জীবনানন্দ দাস স্মৃতি মিলনায়তন ও লাইব্রেরিতে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রগতি লেখক সংঘের সাবেক জেলা সভাপতি তপঙ্কর চক্রবর্তী। আলোচনা করেন কাজী সেলিনা, আসমা চৌধুরী, হাসিনা বেগম, অপূর্ব গৌতম, সুভাষ চন্দ্র দাস, শোভন কর্মকার, পীযূষ বন্দ্যোপাধ্যায়।
কবি আসমা চৌধুরী বলেন, “কবির পৈত্রিক ভিটা সর্বানন্দ ভবনের একাংশে একটি অসম্পূর্ণ লাইব্রেরি হয়েছে। যেখানে কর্তৃপক্ষ কোনো সময়ই কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করে না। তাই সর্বানন্দ ভবন ঘিরে কবির নামে শিক্ষা ও গবেষণার জন্য একটি বড় প্রতিষ্ঠান গড়ে তুলতে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।”
বক্তারা বলেন, কবির জন্ম এই বরিশালে। কবির বাবা সত্যানন্দ দাশ বরিশাল ব্রজমোহন স্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন। কবি নিজেও ব্রজমোহন কলেজে ১৯৪৬ সাল পর্যন্ত ইংরেজি ভাষার শিক্ষক ছিলেন। কবির পিসি স্নেহলতা দাশ বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছিলেন। বরিশালের প্রকৃতি ঘিরেই কবির অজস্র রচনা ও সাহিত্যকর্ম রচিত হয়েছে।
বক্তারা, বরিশালসহ ভারতের যেসব স্থানে কবির স্মৃতি বিজড়িত স্থান রয়েছে সেগুলো সংরক্ষণের দাবি জানান।
