হবিগঞ্জে নিখোঁজ বীর মুক্তিযোদ্ধার লাশ মিলল হাওরে
বুধবার সকালে প্রতিদিনের মতো হাঁটতে বের হয়েছিলেন মানিক লাল দাশ। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।
হবিগঞ্জের নবীগঞ্জে এক বীর মুক্তিযোদ্ধা নিখোঁজের একদিন পর শৌলাগড় হাওরের জলাশয় থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের চরগাঁও এলাকার শৌলাগড় হাওর থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নবীগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ কামরুজ্জামান।
নিহত বীর মুক্তিযোদ্ধা মানিক লাল দাশ (৭৫) ওই ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত রসময় দাশের ছেলে।
ওসি কামরুজ্জামান বলেন, বুধবার সকালে প্রতিদিনের মতো হাঁটতে বের হয়েছিলেন মানিক লাল দাশ। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পরে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় জেলেরা শৌলাগড় হাওরের জলাশয়ে লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, সুরতহালে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, শৌলাগড় হাওর এলাকায় থাকা নিজের জমি দেখতে গিয়ে তিনি কোনোভাবে পানিতে পড়ে যান।
ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
