Published : 08 Feb 2026, 11:38 AM
নির্বাচনি আচরণবিধি ভঙ্গের দায়ে নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের দুই প্রার্থীর দুই সমর্থককে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার রাতে দুর্গাপুর উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. মিজানুর রহমান জানিয়েছেন।
মিজানুর বলেন, “নেত্রকোণা-১ আসনের ১১ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ‘রিকশা প্রতীকের’ গোলাম রব্বানীর ব্যানার বৈদ্যুতিক খুঁটি, দেয়াল ও গাছে টানানো হয়। এ অভিযোগে তার সমর্থক হুমায়ন কবীরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
“একই অভিযোগে বিএনপির ধানের শীষের প্রার্থী কায়সার কামালের সমর্থক তাজুলকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
নির্বাচন আচরণবিধি ২০২৪-এর ৭(গ) ধারা লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে জানান তিনি।