Published : 14 Jul 2026, 07:39 PM
এইচএসসি ও সমান পরীক্ষায় কঠিন বিষয়ে ফলাফল শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনাসহ পাঁচ দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে- প্রশ্নপত্র সহজীকরণ, মানবিকভাবে খাতা মূল্যায়ন, কঠিন বিষয়ে ফলাফলে শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ এবং বন্যা পরিস্থিতি বিবেচনায় এইচএসসি পরীক্ষা স্থগিত করা। সেইসঙ্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও তোলেন শিক্ষার্থীরা।

দাবি আদায়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও বিভিন্ন স্লোগান দেন। এতে কিছু সময়ের জন্য প্রেস ক্লাব সংলগ্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়।
তারা বলেন, তাদের আন্দোলন শান্তিপূর্ণ এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে পরিচালিত হচ্ছে। বর্তমান পরীক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের প্রকৃত মেধার মূল্যায়ন করতে পারছে না বলে দাবি করেন তারা।
এ ছাড়া চলমান বন্যা পরিস্থিতিতে পরীক্ষা আয়োজন বাস্তবসম্মত নয় বলেও মনে করেন আন্দোলনকারীরা।
এ সময় পরীক্ষার্থী শর্মিষ্ঠা কর্মকার, তাজুল ইসলাম তুহিন, জুনায়েদ আহমেদ, মোহাম্মদ রকিব, সাইমা আক্তার এবং মেধা আক্তার বক্তব্য দেন।
কর্মসূচি থেকে বুধবার দুপুর ১টায় একইস্থানে আবারও বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেন শিক্ষার্থীরা।