বেনাপোলে ৫ দিন পর আমদানি-রপ্তানি শুরু
ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও যাত্রী পারাপারসহ বেনাপোল বন্দরের অন্য কাজকর্ম স্বাভাবিক ছিল।
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের ছুটির কারণে পাঁচ দিন বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। জমে থাকা ট্রাকে ওপারের পেট্রাপোল বন্দরে যানজটের খবরও পাওয়া গেছে।
শনিবার সকাল থেকে দু’বন্দরের মধ্যে পণ্যবোঝাই ট্রাক আসা-যাওয়া শুরু করছে বলে জানিয়েছেন বেনাপোল শুল্কভবনের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের।
তিনি বলেন, কয়েকদিন বন্ধের পর শনিবার সকাল থেকে ভারতের পেট্রাপোল বন্দর থেকে আমদানি পণ্যবোঝাই ট্রাক বেনাপোল বন্দরে ঢুকেছে। আবার বেনাপোল থেকেও রপ্তানি পণ্য নিয়ে ট্রাক পেট্রাপোল বন্দরে যাচ্ছে।
ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, “দুর্গাপূজায় ছুটির কারণে ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল।
“এ সময় পেট্রাপোল বন্দরে পণ্য বোঝাই কয়েকশ ট্রাক অপেক্ষা করছিল। ছুটি শেষে সেগুলো বেনাপোল বন্দরে ঢুকতে শুরু করেছে। তবে ট্রাকের চাপে বন্দর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।”
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, “পূজার ছুটি শেষে পুনরায় চালু হলেও পেট্রাপোল বন্দরে সিঅ্যান্ডএফ অফিসের স্টাফদের উপস্থিতি কম থাকায় আমদানি-রপ্তানি বাণিজ্যের গতি অন্যান্য দিনের চেয়ে কম।”
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) মো. শামীম হোসেন বলেন, “শারদীয় দুর্গোৎসবের কারণে ভারতে পাঁচ দিন সরকারি ছুটি ছিল। এতে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। ওদের ছুটি শেষে শনিবার সকাল থেকে দু'দেশের মধ্যে আমদানি-রপ্তানি পুনরায় চালু হয়েছে।”
তবে ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও যাত্রী পারাপারসহ বেনাপোল বন্দরের অন্য কাজকর্ম স্বাভাবিক ছিল বলে জানান এই কর্মকর্তা।
