২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় গুলিবিদ্ধ হবার ২১ দিন পর যুবদল নেতার মৃত্যু

গত ২ নভেম্বর রাতে বোয়ালিয়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে আব্দুল মজিদের ওপর হামলা করেন মোহাম্মদ আলী।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2024, 10:05 PM

Updated : 26 Aug 2026, 11:00 AM

নওগাঁয় জায়গা জমি ও রাজনৈতিক বিরোধের জেরে হামলায় গুলিবিদ্ধ হওয়া এক যুবদল নেতা ২১ দিন পর মারা গেছেন।

সোমবার রাত দেড়টার দিকে নওগাঁ সদরের সাহাপুর গ্রামের বাড়িতে তিনি মারা যান বলে জানিয়েছেন নওগাঁ সদর মডেল থানার ওসি নুরে আলম সিদ্দিকী।

আব্দুল মজিদ (৫০) সাহাপুর গ্রামের আফজাল হেসেনের ছেলে। তিনি জেলা যুবদলের সাবেক সদস্য ছিলেন। 

জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ জানান, রাজনৈতিক পটপরিবর্তনের পর সাহাপুর এলাকায় মোহাম্মদ আলীর অবৈধ দখলে থাকা এক জমি উদ্ধারকে কেন্দ্র করে আব্দুল মজিদের বিরোধ সৃষ্টি হয়। এর জেরে গত ২ নভেম্বর রাতে বোয়ালিয়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে আব্দুল মজিদের ওপর হামলা করেন মোহাম্মদ আলী। 

এসময় গুলিবিদ্ধ হন আব্দুল মজিদ। আহত হন তার দুই ভাই কাবিল হোসেন ও শফিকুল ইসলাম এবং স্থানীয় বিএনপি নেতা সুবিদ আলী।

নওগাঁ সদর মডেল থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান, ঘটনার পর আহতদের নওগাঁ জেনারেল হাসপাতালে নেয়া হলে আশঙ্কাজনক অবস্থ্যায় আব্দুল মজিদসহ তার দুই ভাইকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। 

হাসপাতাল থেকে আব্দুল মজিদ গত শনিবার তার বাড়িতে আসেন। বাড়িতে থেকে চিকিৎসা নেওয়া অবস্থায় সোমবার অসুস্থ হয়ে নিজ বাড়িতে মারা যান আব্দুল মজিদ। 

পরে মঙ্গলবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন নওগাঁ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ময়নাতদন্ত রির্পোটে গুলিবিদ্ধ অথবা হামলার কারণে মৃত্যুর বিষয়টি উল্লেখ করা হলে এটি হত্যা মামলা হিসেবে গ্রহণের জন্য আদালতে আবেদন করা হবে।

এদিকে ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে থেকে একটি দেশীয় শাটারগান ও একটি মোটরসাইকেল উদ্ধার এবং একজনকে গ্রেপ্তার করে। 

এছাড়া হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে এবং ইতোমধ্যে এজারহারভুক্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি নুরে আলম সিদ্দিকী। 

পুরানো খবর

নওগাঁয় জমি নিয়ে বিরোধে যুবদল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১