২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় সাবেক রেলমন্ত্রী মুজিবুলের কার্যালয় এখন বিএনপির ‘দখলে’

চৌদ্দগ্রাম পৌর বিএনপির আহ্বায়ক বলেন, “আমরা এটি উদ্ধার করে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছি। সরকার যখনই চাইবে তখনই আমরা এটি হস্তান্তর করতে রাজি আছি।”

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2024, 12:09 AM

Updated : 26 Aug 2026, 10:32 AM

কুমিল্লার চৌদ্দগ্রামে বিলুপ্ত ইউনিয়ন পরিষদের একটি পরিত্যক্ত সভাকক্ষ দখলে নিয়ে নিজের কার্যালয় বানিয়েছিলেন সাবেক রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক। 

২০২০ সালের শুরুর দিক থেকে হলে চৌদ্দগ্রাম গেলে ওই কার্যালয়েই বসতেন কুমিল্লা-১১  (চৌদ্দগ্রাম) আসনের সাবেক এই সংসদ সদস্য।  

৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ১৭ অগাস্ট কার্যালয়টি নতুন করে ‘দখল করেন’ বিএনপির নেতাকর্মীরা। নাম দেন ‘শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) হল’। 

নাম পরিবর্তনের পাশাপাশি হলের সামনে টানানো হয়েছে বিএনপির নেতাকর্মীদের ব্যানার-ফেস্টুন। 

এ ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে। 

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা এবং চৌদ্দগ্রাম পৌর বিএনপির আহ্বায়ক হারুনুর রশিদের নেতাকর্মীরা ওই কার্যালয়টি ‘দখল’ করেন বলে স্থানীয়রা জানান। 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারের মাঝামাঝি এলাকায় ঢাকামুখী লেনের ডান পাশে কার্যালয়টির অবস্থান। 

সাবেক সংসদ সদস্য মুজিবুল হক দখলে নেওয়ার পর সংস্কার করে ওই হলরুমের নাম দেওয়া হয়েছিল- ‘মো. মুজিবুল হক, মাননীয় সংসদ সদস্য, ২৫৯ কুমিল্লা-১১ এর কার্যালয়’। 

চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চৌদ্দগ্রাম সদর ইউনিয়ন পরিষদকে ২০০৩ সালে বিলুপ্ত ঘোষণা করে পৌরসভার করা হয়। পরে ইউনিয়ন পরিষদের কার্যালয়সহ আশপাশের সম্পত্তির উপর বাণিজ্যিক ভবন নির্মাণ করে পৌর কর্তৃপক্ষ। আর ২০১৯ সালের শেষ সময়ে এসে ওই ‘হল রুমের’ দিকে নজর পড়ে মুজিবুল হকের। 

যদিও ওই এলাকার পুরো জায়গাটির মালিক জেলা পরিষদ। কিন্তু সেখানে জেলা পরিষদের কোনো স্থাপনা নেই। 

চৌদ্দগ্রাম পৌর বিএনপির আহ্বায়ক হারুনুর রশিদের ভাষ্য, “৫ অগাস্ট ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার পতনের পর চৌদ্দগ্রামের বিক্ষুব্ধ ছাত্র-জনতা মুজিবুল হকের দখল করা কার্যালয়টিতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এরপর থেকেই রাজনৈতিক দল, বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরা চেয়েছেন কার্যালয়টি দখলে নিতে। আমরা বিষয়টি জানতে পেরে হলরুমটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছি। আমাদের নিজস্ব অর্থায়নে ভাঙচুর হওয়া হলরুমের দরজা ও জানালা মেরামত করা হয়েছে। কেউ যেহেতু দখলের সাহস না করে এজন্য হলরুমের নাম দিয়েছি 'শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) হল'।” 

তিনি বলেন, “একতলা বিশিষ্ট টিনশেড ভবনটির সম্পত্তির মালিক জেলা পরিষদ। এটি এক সময় চৌদ্দগ্রাম সদর ইউনিয়ন পরিষদের হলরুম ছিল। মুজিবুল হক ক্ষমতার অপব্যবহার করে এটি দখল করেছেন। এটি সরকারি সম্পত্তি। আমরা এটি উদ্ধার করে নিজেদের নিয়ন্ত্রণ রেখেছি। সরকার নিজেদের প্রয়োজনে যখনই চাইবে তখনই আমরা এটি হস্তান্তর করতে রাজি আছি। আমরা জেলা পরিষদ বা সরকারের এই সম্পত্তি দখল করিনি, উদ্ধার করেছি।”

চৌদ্দগ্রাম উপজেলার ইউএনও মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, “শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমি বিষয়টি দ্রুত সময়ের মধ্যে জেলা পরিষদকে জানাব।”

এসব বিষয়ে জানতে যোগাযোগ করা হলে সাবেক সংসদ সদস্য মুজিবুল হকের ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন বলে স্থানীয়দের কাছে খোঁজ নিয়ে জানা গেছে।