১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বরিশালে খিঁচুনি-বমিতে মাদ্রাসা ছাত্রের মৃত্যু, হাম নিয়ে আতঙ্ক

শিশুটিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়। মৃত্যুর কারণ নির্ণয় করা যায়নি।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2026, 07:47 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

বরিশালের উজিরপুর উপজেলায় জ্বর, খিঁচুনি ও বমিতে অসুস্থ হয়ে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। তার মৃত্যু ঘিরে এলাকায় হাম নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার সকালে শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছেন উজিরপুর মডেল থানার ওসি মো. রাকিবুল ইসলাম। 

মৃত মোহাম্মদ ইয়াছিন আরাফাত (১২) উপজেলার ওটরা ইউনিয়নের ওটরা গ্রামের বাসিন্দা ফরিদ উদ্দিনের ছেলে। সে শিকারপুর বন্দরের নেছারিয়া নুরানি হাফেজি মাদ্রাসা, ইয়াতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের নাজেরা বিভাগের ছাত্র ছিল। 

পরিবারের বরাতে পুলিশ জানায়, মাদ্রাসার আবাসিক ছাত্র ইয়াসিন আরাফাতের ভোর রাতের দিকে জ্বর ওঠে। এরপর খিঁচুনি দিয়ে বমি করলে তাকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ওসি রফিকুল বলেন, সুরতহাল প্রতিবেদনে শিশুর শরীরে সন্দেহজনক কোনো চিহ্ন পাওয়া যায়নি। শিশুর পরিবারেরও কোনো অভিযোগ নেই। জেলা প্রশাসকের অনুমতি নিয়ে লাশ হস্তান্তর করা হয়েছে। 

উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মাইদুল ইসলাম বলেন, “সকাল ৭টায় হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ নির্ণয় করা যায়নি। এটি হামজনিত কিনা, তা নিশ্চিত হতে হলে নমুনা পরীক্ষা জরুরি।” 

তিনি আতঙ্কিত না হওয়ার জন্য সবাইকে আহ্বান জানান। 

চলতি বছরের ৪ জানুয়ারি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে হামের রোগী শনাক্ত হয়। ১০ জানুয়ারি ক্যাম্প এলাকায় সতর্কতা জারি করা হয়। ওই সময় রাজধানীর বস্তি এলাকায় হামের রোগী বৃদ্ধি পেতে থাকে।

গেল মাসের শেষ সপ্তাহে রাজধানীর মহাখালীতে সংক্রামক ব্যাধি হাসপাতালে গিয়ে দেখা যায়, শয্যার চেয়ে রোগী বেশি। তাদের বড় অংশই হামের রোগী।

ভাইরাসজনিত এ রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। রাজশাহী, ময়মনসিংহসহ কয়েক জেলায় শিশুদের মৃত্যুর খবরও এসেছে।