২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্বাচলে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা, ২ আরোহী নিহত

যমুনা ফিউচার পার্কের ১২ ব্যবসায়ী বাইকে করে চাঁদপুরের দিকে যাচ্ছিলেন।

পূর্বাচলে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা, ২ আরোহী নিহত
ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2024, 07:58 PM

Updated : 26 Aug 2026, 11:09 AM

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে ৩০০ ফুট সড়কে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোবাইল ফোন ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার দুপুর ২টার দিকে পূর্বাচলের ৩ নম্বর সেক্টরের ভূঁইয়াবাড়ি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে জেলা পুলিশের এএসপি (‘গ’ সার্কেল) মেহেদী ইসলাম জানান।

নিহতরা হলেন- আব্দুর রউফ (৩২) ও মো. শিপন (৩৫)। তারা ঢাকার যমুনা ফিউচার পার্ক শপিং সেন্টারে মোবাইল ফোনের ব্যবসায়ী বলে জানান তাদের বন্ধু মো. রাকিব।

রাকিব বলেন, দুপুরে যমুনা ফিউচার পার্কের ১২ ব্যবসায়ী বাইকে করে চাঁদপুরের উদ্দেশে রওয়ানা হন। পূর্বাচলের ৩ নম্বর সেক্টর এলাকায় পৌঁছলে রউফ ও শিপনের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝে বিভাজকে ধাক্কা খায়। এতে দু’জনেই ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। সঙ্গীরা উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এএসপি মেহেদী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই মরদেহ নিয়ে চলে যান তাদের সঙ্গে থাকা বন্ধুরা।”

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অতিরিক্ত গতির কারণে বাইকটি নিয়ন্ত্রণ হারায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এএসপি।