২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের সকালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, কর্মকর্তা নিহত

ফরিদপুরের সদরপুর থেকে মোটরসাইকেলে করে গোপালগঞ্জের কোটালীপাড়ায় গ্রামের বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

ঈদের সকালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, কর্মকর্তা নিহত
নিহত শরিফুল ইসলাম ফরিদপুরের সদরপুরে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশনের (ওজোপাডিকো) সুইচ বোর্ড অ্যাটেনডেন্ট ছিলেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2026, 05:30 PM

Updated : 26 Aug 2026, 03:13 PM

ঈদের সকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বিদ্যুৎ বিতরণ বিভাগের এক কর্মকর্তা নিহত হয়েছেন।

শনিবার সকাল ৮টার দিকে কোটালীপাড়া-রাজৈর সড়কে উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বৈকুন্ঠপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কোটালীপাড়া থানার ওসি মো. রিয়াদ মাহমুদ।

নিহত শরিফুল ইসলাম (৩০) উপজেলার টুপুরিয়া গ্রামের মোকসেদ আলী শেখের ছেলে। তিনি ফরিদুপরের সদরপুর উপজেলার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশনের (ওজোপাডিকো) সুইচ বোর্ড অ্যাটেনডেন্ট ছিলেন।

ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, শরিফুল ঈদের ছুটিতে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি টুপুরিয়া যাচ্ছিলেন। পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। 

এতে ঘটনাস্থলেই শরিফুল মারা যান। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এ ঘটনায় নিহতের পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছাড়া নেমে এসেছে।

আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান ওসি রিয়াদ মাহমুদ।