সিলেটে হাম উপসর্গ নিয়ে রাতে আরও ২ শিশুর মৃত্যু
এ নিয়ে এখানে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল নয়জনে।
হাম উপসর্গ নিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখানে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল নয়জনে।
পাঁচ মাস বয়সি শিশুটি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটের দিকে মারা যায় বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির।
পরিচালক বলেন, শিশুটির নাম তৌফিক, তার বাড়ি সুনামগঞ্জ জেলায়। সে হাম, ব্রঙ্কোনিউমোনিয়া ও হার্ট ফেইলিউর নিয়ে ভর্তি হয়েছিল। পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে।
একই দিন রাতে নয় মাস বয়সি হুমায়রা নামে অপর শিশুর মৃত্যু হয় বলে হাসপাতালের পরিচালক জানান।
তিনি বলেন, শিশুটির ডাউন সিনড্রোম, হাম, ব্রঙ্কোনিউমোনিয়া এবং হার্ট ফেইলিউর ধরা পড়েছিল।
