ফরিদপুরে সড়কে ঝরল নারীসহ ২ জনের প্রাণ
পুলিশ জানান, নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।
শনিবার উপজেলার হামিরদী ও সদরদী এলাকায় এসব ঘটনা ঘটে বলে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি খায়রুল আনাম জানান।
নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
ওসি বলেন, বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হামিরদী এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত একজনকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
অন্যদিকে, সকাল সাড়ে ৮টার দিকে সদরদী এলাকায় একটি ইজিবাইককে অজ্ঞাত গাড়ি ধাক্কা দেয়। এ সময় আহত এক নারীকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন বলে জানান ওসি।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।
